ভোটের মাঠে নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে — শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম??

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Feb 7, 2026 - 21:13
Feb 7, 2026 - 21:13
ভোটের মাঠে নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে — শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ভোটের মাঠে নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এ কারণে আজ রাত থেকে ১১ তারিখ রাত পর্যন্ত প্রত্যেকটি গ্রামে সতর্ক পাহারার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের নুরুউদ্দিন মেম্বারের বাড়িতে স্থানীয় বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাত গভীর হলে অচেনা লোকজন গ্রামে প্রবেশ করে। তারা সৎ উদ্দেশ্যে আসে না। অসৎ কাজের উদ্দেশ্যেই আসে। তাই গ্রাম পাহারা দিতে হবে, যেন ধানের শীষের একটি ভোটও নষ্ট না হয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আর বেশি দিন নেই। আমি একা প্রার্থী নই, আপনারা সবাই প্রার্থী। আপনারা প্রত্যেকে ‘রিংকু’ হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন। ১২ তারিখ সকাল সকাল ভোট দিতে যাবেন, তারপর অন্য কাজ করবেন। কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা আমরা করব, নেতৃবৃন্দ দায়িত্ব নেবেন।

শামা ওবায়েদ বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি উন্নয়নের বার্তা। আমরা জিততে পারলে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতালসহ অবকাঠামোগত উন্নয়ন হবে। আমি আপনাদের বোন হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি—বেঁচে থাকলে এখানে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপন করতে হবে, যাতে আমাদের ছেলে-মেয়েরা এখানেই কর্মসংস্থান পায়। বিশেষ করে উৎপাদিত পাটকে কেন্দ্র করে কল-কারখানা স্থাপন করলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।

তিনি উপস্থিতদের সতর্ক করে বলেন, মা-বোনদের কাছে ভোটার আইডি কার্ড চাওয়া বেআইনি। কেউ এ ধরনের কাজ করলে সঙ্গে সঙ্গে পুলিশ বা সেনাবাহিনীকে জানাবেন।

এলাকার উন্নয়ন ও সততার প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, মুনাফেকি করলে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। আমার পরিবার কখনও মিথ্যার সাথে আপস করেনি। আমিও ১৭ বছর ধরে কারো সাথে মুনাফেকি করিনি। আপনারা আমাকে সুযোগ দিলে জনগণের মতামতের ভিত্তিতেই সালথা-নগরকান্দা পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সালথা-নগরকান্দা চাই। যে দলেরই হোক, কেউ দুর্নীতি বা দখলবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে। কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের ক্ষতি করে কেউ পার পাবে না।

কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুদ্দিনের সঞ্চালনায় ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও গট্টি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, রেজাউল রহমান চয়ন,যুবদল নেতা এনায়েত হোসেন, আব্দুর রব মাতুব্বর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow