শহীদ জিয়া সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করেছিলেন - ইঞ্জিনিয়ার শ্যামল

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 18, 2026 - 22:37
শহীদ জিয়া সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করেছিলেন - ইঞ্জিনিয়ার শ্যামল

‎ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির সাথে আলেম সমাজের সম্পর্ক সবসময়ই গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করেছিলেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আলেম সমাজের পরামর্শ ও দোয়া নিয়ে রাজনীতি করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া সবসময় ছিল।”

‎গতকাল রোববার (১৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ভূইয়া সিরাজীয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তরাঞ্চলের ৪টি ইউনিয়ন (তালশহর পূর্ব, বুধল, সুহিলপুর ও মজলিশপুর)-এর ওলামা মাশায়েখ, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎ইঞ্জিনিয়ার শ্যামল তাঁর বক্তব্যে আরও বলেন, “বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় ছিল, ততবারই আলেম-ওলামাদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের শীর্ষ আলেম ও ইসলামি রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে বিজয়ী হয়ে দেশ সেবা করেছে। ইনশাআল্লাহ, আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আলেমদের পরামর্শ নিয়েই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”

‎সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম।

‎এ সময় ওলামা মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, জামিয়া সিরাজিয়া ভাদুঘরের শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান কাসেমী, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়া হিয়া মাছউদ, সদর উত্তরাঞ্চল ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আকতার হোসাইন সাদেকী, সেক্রেটারি হাফেজ মোবারক হোসাইন, অষ্টগ্রাম বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কারী বোরহান উদ্দিন আজিজী, সিরাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুমিন উদ্দিন ওসমানী, সুহিলপুর জমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, ভূইয়া সিরাজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন প্রমুখ।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতবাড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, মালিহাতা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মারফত আলী, দারমা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জালাল উদ্দিন এবং সদর উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

‎উল্লেখ্য, একই স্থানে বিকেলে সদর উপজেলা ছাত্রদল ও যুবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow