রুমায় বিভক্ত বিএনপি’র পৃথক পুষ্পস্তবক অর্পণ: স্থানীয় নেতাকর্মী ও পর্যবেক্ষকদের মাঝে হতাশা

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
Feb 21, 2026 - 19:23
Feb 21, 2026 - 19:23
রুমায় বিভক্ত বিএনপি’র পৃথক পুষ্পস্তবক অর্পণ: স্থানীয় নেতাকর্মী ও পর্যবেক্ষকদের মাঝে হতাশা

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বান্দরবানের রুমা উপজেলা শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এমন প্রকাশ্য বিভক্তিতে স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিএনপির একটি অংশের নেতৃত্বে ছিলেন উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি মো. ইদ্রিছ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, ভানরৌপুই বম, লালকুং বম, বাথোয়াইচিং, যুবনেতা আরিফ উদ্দিন এবং উশৈসিং মার্মাসহ অন্যান্য নেতাকর্মীরা। 

অন্যদিকে, অপর অংশটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাজার চৌধুরী সাংমোয়ান বম, পালিয়ান বম এবং যুবনেতা মংক্যচিং মার্মার নেতৃত্বে। দুই পক্ষের এমন আলাদা কর্মসূচির মাধ্যমে উপজেলা বিএনপিতে কোন্দল ও বিভক্তির বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পর এটিই ছিল প্রথম কোনো জাতীয় দিবস উদযাপন। জাতীয় নির্বাচনে দলের দুই পক্ষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করলেও, সরকার গঠনের পর সেই ঐক্যের ধারাবাহিকতা আর বজায় থাকেনি। এমন একটি তাৎপর্যপূর্ণ দিনে দলের এই বিভক্ত উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ার পাশাপাশি যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও করছেন স্থানীয়রা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর দলের ভেতরে ঐক্য সুসংহত করা সবচেয়ে বেশি জরুরি। অন্যথায় অদূর ভবিষ্যতে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তৃণমূল নেতাকর্মীরা সতর্ক করে বলেছেন, রুমা উপজেলায় বিএনপির এই বিভক্তি দূর না হলে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে তৃতীয় কোনো শক্তি এর পুরো সুবিধা লুটে নেবে। তাই দলের কার্যক্রম চাঙ্গা করতে এবং সবাইকে এক ছাতার নিচে আনতে অবিলম্বে রুমা উপজেলায় বিএনপির নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

এই বিভক্তির বিষয়ে বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইদ্রিছ মিয়া ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা জানান, "অজ্ঞাত কারণে অপর অংশটি জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে আমাদের এড়িয়ে চলেছে। তাই আমরা দলের আদর্শকে বুকে লালন করে, নিজেদের মতো করেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।"

অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনে রুমা উপজেলা বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লাললিয়ানসম বম (পালিয়ান) বলেন, "বর্তমানে রুমা উপজেলায় বিএনপির কোনো অনুমোদিত বা বৈধ কমিটি নেই। তাই যে যার মতো করে শহীদ মিনারে ফুল দিয়েছে। তবে দ্রুত নতুন কমিটি গঠিত হলে এই ধরনের আর কোনো ঝামেলা বা বিভক্তি থাকবে না।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow